বরিশালের আগৈলঝাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সরকারি আগৈলঝাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন জহির উদ্দিন স্বপন।

এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে প্রজেক্টরের মাধ্যমে দেশব্যাপী আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা, তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার এবং জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এদিকে, গত ১ নভেম্বর উপজেলার গৈলা ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের ইউনিয়ন পর্যায়ের বাছাই ও দল গঠন কার্যক্রম শুরু হয়। সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কার্যক্রমে ইউনিয়নের সাতটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরেরা অংশ নেয়।

নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের ক্রীড়া নৈপুণ্য বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।