বরিশালের আগৈলঝাড়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এ্যাসেন্ট রায়সহ তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে উপজেলার জোবারপাড় ও ছয়গ্রাম এলাকায় পৃথক অভিযান দুটি পরিচালনা করে আগৈলঝাড়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোবারপাড় এলাকায় অভিযান চালিয়ে জোবারপাড় গ্রামের মৃত সুজিত রায়ের ছেলে এ্যাসেন্ট রায় (৩২) ও স্বরবাড়ি গ্রামের নিশ্চিত হালদারের ছেলে নিলয় হালদারকে (২১) আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছয়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লাকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে। পরে সোমবার সকালে তাদের বরিশাল আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে আগৈলঝাড়া উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

