তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২’-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

‘ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। একই দিন খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন। সেখান থেকে ভার্চুয়ালি দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, আজকের নতুন কুঁড়িরাই একসময় প্রস্ফুটিত হয়ে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবে এবং তারাই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে। শিশু-কিশোরদের আগামীর নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে এখন থেকেই তাদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ চিন্তা, মূল্যবোধ ও মানবিকতার বিকাশ ঘটিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন একটি জাতির সার্বিক উন্নয়নের জন্য যথেষ্ট নয়। উন্নত জাতি গঠনে শিশু-কিশোরদের জন্য সুস্থ সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশু-কিশোরদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনসহ সমাজের সবার। খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হলে তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলি তৈরি হবে।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে এবার মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতার সুযোগ পাচ্ছে শিশু-কিশোরেরা। ইভেন্টগুলো হলো—অ্যাথলেটিকস, সাঁতার, ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন, কাবাডি, ভলিবল ও টেবিল টেনিস। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দ্বিতীয় আসরে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। এ সময় গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব শরীফ স্বপন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু এবং সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।