গ্রাম পুলিশকে তৃণমূল পর্যায়ের সরকার হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জনবলকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে জনগণকে সেবা দেওয়া আরও সহজ হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলায় ৬৪ জন গ্রাম পুলিশের সদস্যের মধ্যে বাইসাইকেল, পোশাক ও জুতা এবং তাঁদের স্ত্রীদের জন্য শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, রাজধানী থেকে প্রধানমন্ত্রী যদি প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চান, সেই যোগাযোগের মাধ্যম হতে পারেন গ্রাম পুলিশ। সেই অর্থে গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার।

গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ কাজে গ্রাম পুলিশকে ব্যবহার করা হয়। এই জনবলকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে জনগণকে সেবা দেওয়া আরও সহজ হবে। এ চিন্তা থেকেই সরকার তাঁদের জন্য প্রণোদনার পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, সেই পরিকল্পনার অংশ হিসেবে গ্রাম পুলিশ সদস্যদের পোশাক, জুতা ও বাইসাইকেল দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী এই বিশাল গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। এ সময় গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।