যুগে যুগে অসংখ্য সংসদ সদস্য, মন্ত্রী ও প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু শত বছরেও আরেকজন কাজী নজরুল ইসলাম তৈরি হবেন না বলে মন্তব্য করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিবিদেরা নির্দিষ্ট সময়ের জন্য রাষ্ট্র ও সমাজ পরিচালনায় ভূমিকা রাখেন। কিন্তু কবি-সাহিত্যিকদের সৃষ্টি, চিন্তা ও আদর্শ যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। কবি ও সাহিত্যিক হওয়া একটি বিরল প্রতিভা, যা সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে পাওয়া। এ কারণেই তাঁদের সৃষ্টি ও চিন্তার প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের হৃদয়ে গেঁথে থাকে।
তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন তেমনই একজন বিরল প্রতিভার অধিকারী। তাঁর সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব বিবেচনায় সরকার চলতি বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে।
‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’—জাতীয় কবির এই কালজয়ী বাণীকে প্রতিপাদ্য করে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আয়োজকদের প্রত্যাশা, নজরুল বর্ষ উপলক্ষে এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার চর্চা আরও বিস্তৃত হবে।

