আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ০২:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 1
বরিশালের আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, সরকারি আগৈলঝাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিতা বিশ্বাস, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লাসহ আরও অনেকে।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবনাদর্শ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগায়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনা, সাম্য ও মানবতার প্রতীক। নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। সাহিত্য, সংগীত, কবিতা ও সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকশিত হয়। এর মাধ্যমে তারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল বিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তাদের পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবনাদর্শ, সাম্য ও মানবতার বার্তা তুলে ধরে। সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, জাতীয় কবির জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষার্থীদের সংস্কৃতিচর্চায় উৎসাহিত করার লক্ষ্যেই ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।






















