গৌরনদীতে নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল, আত্মগোপনে যুবদলকর্মী
- ০১:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 32
গৌরনদীতে এক নারীকে হেনস্তা ও জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক যুবদল কর্মীর বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল্বগ্রাম এলাকার বলে জানা গেছে। অভিযুক্ত যুবদল কর্মীর নাম শাহিন মৃধা। স্থানীয় সূত্রের দাবি, তিনি মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী।
স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রায় এক মাস আগে বিল্বগ্রাম এলাকার একটি বসতঘরে এক ব্যক্তির সাথে ওই নারীকে আটক করেন শাহিন ও তার সহযোগীরা। পরে তাকে হেনস্তা করার পাশাপাশি তার সম্মতি ছাড়া ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়দের অনেকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
গত শুক্রবার (৭ আগস্ট) দিনগত রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অভিযুক্ত শাহিন মৃধা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শাহিন মৃধার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে গৌরনদী উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। কী প্রেক্ষাপটে ভিডিওটি ধারণ করা হয়েছিল, সেটিও যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।























