গৌরনদীতে প্রবাসীর ঘরে ডাকাতি, অস্ত্রের মুখে মা-মেয়েকে জিম্মি করে লুট
- ০৮:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 357
বরিশালের গৌরনদীতে সৌদিপ্রবাসীর বসতঘরে ঢুকে অস্ত্রের মুখে স্ত্রী ও শিশুকন্যাকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে প্রবাসী খোকন হালদারের স্ত্রী শিল্পী হালদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে শিল্পী হালদার জানান, রাত ২টার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাঁর ও আট বছর বয়সী মেয়ের গলায় রামদা ধরে জিম্মি করে এবং চিৎকার করলে হত্যার হুমকি দেয়।
একপর্যায়ে আলমারির চাবি দিতে অস্বীকৃতি জানালে মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে বাধ্য হয়ে চাবি দিলে দুর্বৃত্তরা আলমারি থেকে চার ভরি স্বর্ণ, তিন ভরি রুপা ও নগদ এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর শিল্পীর চিৎকারে আশপাশের লোকজন এসে মা-মেয়েকে উদ্ধার করেন। ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন শিল্পী।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















