গৌরনদীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: চাচার বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক
- ১২:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 54
বরিশালের গৌরনদীতে চিপস ও বিস্কুট কিনে দেয়ার কথা বলে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত হারুন কবিরাজের (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামে। অভিযুক্ত হারুন কবিরাজ ওই গ্রামের মৃত তাহের কবিরাজের ছেলে। ঘটনার পর থেকেই সে এলাকা ছেড়ে পলাতক রয়েছে।
মামলার এজাহার জানা গেছে, গত ১৫ আগস্ট স্থানীয় একটি দোকানে বিস্কুট ও চিপস কিনতে যায় ওই শিশু। অভিযোগ অনুযায়ী, সেখানে থাকা তার দূরসম্পর্কের চাচাতো চাচা হারুন কবিরাজ তাকে ফুসলিয়ে দোকানের পেছনে নির্জন একটি বাগানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির শারীরিক অসুস্থতা ও ঘটনার বিস্তারিত পরিবারকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, ঘটনার বিবরণ শুনে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সোমবার দিবাগত রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পরপরই পুলিশ শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত হারুন কবিরাজ আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।























