আগৈলঝাড়ায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ৩
- ১২:৩৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 51
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের জলিলপার গ্রামে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকাল ইউনিয়নের জলিলপার গ্রামের রাজ্জাকের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—ওয়াসীম খান (৪৫), পিতা আব্দুল গফুর খান; মোহাম্মদ জসিম খান (৪২), পিতা আব্দুল গফুর খান এবং মনি (৩৫), পিতা দিলীপ ফলিয়া। আহতদের মধ্যে ওয়াসীম খানের মাথায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
আহতদের অভিযোগ, বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলাটি হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ ঘটনায় হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে আলী হোসেন খান (৫৫), পিতা মৃত হেলাল উদ্দিন খান; আলামিন খান (৩৫), পিতা মৃত মরণ খান; নয়ন মোল্লা (২৩), পিতা অজ্ঞাত এবং হাবিব খান (৫৬), পিতা মৃত জয়নুদ্দিন খানের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান, হামলার সময় আহতদের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
আহতদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলা দায়েরের পর তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




















