গৌরনদীতে দুই ছেলের হাতে মা ও ভিক্ষুক নির্যাতিত, ভয়ে বাড়িছাড়া মা; যমজ দুই ভাই গ্রেপ্তার
- ০৬:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 26
বরিশালের গৌরনদীতে মাদকাসক্ত দুই ছেলের বিরুদ্ধে তাঁদের মাকে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাড়িতে ভিক্ষা করতে আসা এক বৃদ্ধা ভিক্ষুককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যমজ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মৃত শাহজাহান আকনের ছেলে শিমুল আকন ও পলাশ আকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকড়কাঠী গ্রামের মৃত মো. শাহজাহানের স্ত্রী ছবুড়া বেগম (৬০) ওই বাড়িতে ভিক্ষা করতে যান। এ সময় শিমুল ও পলাশ তাঁকে ঘরের ভেতরে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা মো. খোকন ও নাসির হোসেন মুঠোফোনে বিষয়টি গৌরনদী মডেল থানায় জানান। খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেলের নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিমুল আকন ও পলাশ আকনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
অভিযুক্তদের মা মুকুল বেগম অভিযোগ করে বলেন, “আমার দুই ছেলে মাদকাসক্ত এবং তারা প্রায়ই আমাকে মারধর করে। তাদের ভয়ে আমি নিজের বাড়িতে থাকতে পারি না; আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাতে হয়।”
প্রতিবেশী দুলু বেগম বলেন, এ ধরনের ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে। দুই ভাইয়ের অপকর্মের প্রতিবাদ করলে তাঁরা স্থানীয়দের প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া রাতে বাড়িতে জিআই তারের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এ ঘটনায় নির্যাতিত বৃদ্ধা ছবুড়া বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





















