আগৈলঝাড়ায় ৫৩৩ বছরের পুরোনো বিজয় গুপ্তের মনসা মন্দিরে বাৎসরিক পূজা, ‘বেহুলা সংকলন’র মোড়ক উন্মোচন
- ০২:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 49
বরিশালের আগৈলঝাড়ায় মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গৈলা মনসা দেবীর মন্দিরে বার্ষিক পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে গৈলা মনসা মন্দিরের অফিসকক্ষে এ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি ড. বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার দাস, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নির্বাহী কমিটির মহাসচিব সঞ্জয় গুপ্ত, মন্দির কমিটির সাবেক সভাপতি তারক চন্দ্র দে, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং গৌরনদী ক্যাথলিক চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, যুবদল নেতা হেমায়েত তালুকদার, হাবিবুর রহমান মুন্সি, রাজ্জাক ফকির, জসিম মোল্লা, কার্তিক বেপারীসহ মন্দির কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার দাসের প্রকাশনায় মনসা দেবীর পূজা ও মাহাত্ম্য নিয়ে প্রকাশিত ‘বেহুলা’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
আয়োজকরা জানান, স্মরণিকাটিতে মনসা দেবীর পূজার পদ্ধতি, মন্ত্র, গীত এবং পূজাসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্ম মনসা দেবীর পূজা, লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবে।
উল্লেখ্য, গৈলা মনসা মন্দিরটি মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত বলে ঐতিহাসিকভাবে পরিচিত। প্রতি বছর মনসা পূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও দর্শনার্থীরা এ মন্দিরে সমবেত হন।
























