মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, সড়কপথে ভোলা থেকে যাওয়া যাবে বরিশাল-ঢাকা
- ১১:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 14
ভোলা-মেহেন্দীগঞ্জ-হিজলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা বাস্তবায়ন হলে সড়কপথে ভোলা থেকে মেহেন্দীগঞ্জ-হিজলা হয়ে রহমতপুর হয়ে বরিশাল ও ঢাকা যাতায়াত করা যাবে।
প্রস্তাবিত ভোলা-মেহেন্দীগঞ্জ-হিজলা মহাসড়ক নির্মাণ সংক্রান্ত অবহিতকরণ সভায় এ তথ্য জানানা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় পুরো পরিকল্পনা তুলে ধরেন ভোলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইমলাম।
তিনি জানান, বর্তমান সরকার ভোলা-মেহেন্দীগঞ্জ-হিজলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এতে সড়কপথে ভোলা থেকে মেহেন্দীগঞ্জ-হিজলা হয়ে রহমতপুর হয়ে বরিশাল ও ঢাকা যাতায়াত করা যাবে। ভোলা-মেহেন্দীগঞ্জ-হিজলা-রহমতপুরে ২১.৫ কিলোমিটার সড়ক নির্মাণ করতে হবে। এছাড়া ভোলা থেকে মেহেন্দীগঞ্জ একটি, মেহেন্দীগঞ্জ- হিজলায় দুটিসহ মোট তিনটি সেতু নির্মাণ করতে হবে। তিনটি সেতু প্রায় তিন কিলোমিটার হবে। সড়ক নির্মাণ ও সেতু নির্মাণসহ প্রথমিক ব্যয় হবে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, ফিজিবিলিটি স্টাডি, পরীক্ষা-সমীক্ষা এবং মহাসড়ক ও সেতু নির্মাণসহ সব কাজ সম্পূর্ণ করতে প্রায় পাঁচ বছর সময় লাগতে পারে।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুন অর রশিদ, ইসলামী আন্দোলনের সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, এনসিপি ও আমরা ভোলাবাসী সংগঠনের নেতারা।



















