গৌরনদীতে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা
- ১২:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 46
বরিশালের গৌরনদীতে এক ইউনিয়নের বরাদ্দের সার অন্য ইউনিয়নে পাচারের সময় ১৫ বস্তা সারসহ একটি ভ্যান আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। সার পাচারে জড়িত থাকার দায়ে ডিলার সিরাজ হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, বার্থী ইউনিয়নের সার ডিলার সিরাজ হাওলাদার ১৫ বস্তা সার খান্জাপুর ইউনিয়নের এক বিক্রেতার কাছে পাঠানোর সময় স্থানীয়রা ভ্যানটি আটকে দেন। খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম ঘটনাস্থলে গিয়ে ডিলারকে জিজ্ঞাসাবাদ করেন। ডিলার তার দোষ স্বীকার করলে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে অর্থদণ্ড দেওয়া হয়।
জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ উপস্থিত ছিলেন। প্রশাসন জানায়, কৃষকদের জন্য বরাদ্দ করা সারের সঠিক বণ্টন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















