বাংলাদেশে এসে বরিশালের মেয়েকে বিয়ে করলেন চীনা যুবক
- ০১:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 23
প্রেমের টানে সুদূর চীন থেকে বরিশালের উজিরপুরে এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক বাই জিন সিং। দুই দেশের সীমানা ও সংস্কৃতির ভিন্নতা পেরিয়ে ভালোবাসার এই বন্ধনকে ঘিরে উজিরপুরে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।
জানা গেছে, উপজেলার ২ নম্বর হারতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমল ডাকুয়ার বড় মেয়ে অর্চনা ডাকুয়ার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল বাই জিন সিংয়ের। সেই সম্পর্কের টানে চীন থেকে উজিরপুরে আসেন তিনি। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে ছিল উৎসবের আমেজ। ভিন্ন দেশ ও সংস্কৃতির দুই মানুষের এই মিলনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ছিল আনন্দ ও আগ্রহ। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বিয়ের আয়োজন।
কনের বাবা অমল ডাকুয়া বলেন, মেয়ের বিয়েতে আমরা খুশি। আমাদের জানামতে, দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। মেয়ের নতুন জীবনের জন্য আমরা শুভকামনা করি। তারা যেন সুখে-শান্তিতে সংসার করতে পারে- এটাই আমাদের প্রত্যাশা।
কনের মা আরতী ডাকুয়া বলেন, মেয়ের বিয়ে হয়েছে, এতে আমরা আনন্দিত। মেয়ের সিদ্ধান্ত ও তাদের সম্পর্কের বিষয়ে আমরা জানতাম। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ায় আমরা খুশি। মেয়ের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, সেটাই চাই।
স্থানীয় বাসিন্দা রানা মণ্ডল বলেন, ভালোবাসার কোনো সীমানা নেই- এই বিয়ের মধ্য দিয়ে সেটিই যেন প্রমাণ হয়েছে। ভিন্ন দেশের দুজন মানুষ একে অপরকে ভালোবেসে নতুন জীবন শুরু করেছেন, এটা সত্যিই আনন্দের বিষয়।
হারতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুর হোসেন হাওলাদার বলেন, বিষয়টি শুনেছি। সামাজিকভাবে চীনা যুবক ও বাংলাদেশি ওই তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি।






















