সারাদেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি
- ০৬:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 52
সারাদেশে বোমা হামলার আশঙ্কায় সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে অর্জিত তথ্যের বরাতে আজ রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিশেষ বার্তায় জানানো হয়, অর্জিত তথ্যানুযায়ী আজ সারাদেশে বোমাহামলার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
পাশাপাশি, দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তা অনতিবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।






















