মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হচ্ছেন জহির উদ্দিন স্বপন, তথ্যমন্ত্রীর দায়িত্বে আন্দালিব রহমান পার্থ
- ০৪:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 179
মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে। তার স্থলাভিষিক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো বড় ধরনের রদবদলের অংশ হিসেবে শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান।
শুক্রবার সন্ধ্যার ওই অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিসভা পুনর্বণ্টনের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। একাধিক গণমাধ্যমে সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে এতদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে। তবে উপদেষ্টা হিসেবে তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি এ আসন থেকে নির্বাচিত হন। পরে নতুন সরকারের মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
অন্যদিকে আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন।
মন্ত্রিসভার নতুন রদবদলে শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন এসেছে। ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে। সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।






















