আগৈলঝাড়া থানা ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি যশোরে গ্রেপ্তার
- ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 456
বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেতুলতলা মোড় এলাকা থেকে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার ব্যক্তি রিফাত ফকির (১৮)। তিনি বরিশালের আগৈলঝাড়া থানার ফুলশ্রী এলাকার খোকন ফকিরের ছেলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহাদুরপুরের তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে আটক করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই একটি চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানা পুলিশ। থানাহাজতে থাকা অবস্থায় তিনি দেয়ালে মাথা আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানায় প্রবেশ করে ভাঙচুর চালায়। এ ঘটনায় ওই রাতেই উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়।














