আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালিত
- ০১:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 199
বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লা, হাবিবুর রহমান মুন্সি ও মেহেদী হাসান এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত সাগরের মা আম্বিয়া বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে শহিদদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বিভিন্ন কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

















