আগৈলঝাড়ায় স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহিলা লীগ নেত্রীর আত্মহত্যা
- ০৯:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 691
স্বামীর অত্যাচারে বরিশালের আগৈলঝাড়ায় মহিলালীগ নেত্রী গলায় ফাঁসে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহত্যাকারী শিলা ইসলাম (৩৫) আগৈলঝাড়া উপজেলা মহিলা লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এর সংরক্ষিত আসনের ইউপি সদস্য ছিলেন।
শুক্রবার রাতে শীলাকে মুমূর্ষু অবস্থায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার স্বামী আগৈলঝাড়ার সেরাল গ্রামের শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শিলা ইসলাম ছিলেন মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী। শিলার ২ কন্যা সন্তান রয়েছে।
শিলা ইসলামের বাবা সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদার জানিয়েছেন, কারনে অকারনে শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই শিলাকে মারধর করতো। ঘটনার দিন শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় বসে মারুফ তার শিলার উপর অমানুষিক নির্যাতন চালায়।
তিনি আরও বলেন, নির্যাতন সইতে না পেরে ভাড়াটিয়া বাসার দরজা বন্ধ করে শিলা ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরবর্তীতে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে শিলা ইসলামকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের নিচতলায় লাশ ঘরে রাখা হয়েছে। শনিবার সকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরো জানান, এখন পর্যন্ত শিলার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।














