ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
শিবচর হাইওয়ে পুলিশ স্থানীদেরর বরাতে জানায়, শুক্রবার বিকাল ৩টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় ঢাকাগামী একটি বাসের চাকা পাংচার হয়। বাসটি মহাসড়কের পাশে রেখে মেরামতের কাজ চলছিল। এ সময় ঢাকামুখী যাত্রীবোঝাই আরেকটি বাস পেছন থেকে ওই বাসটিকে ধাক্কা দেয়।
এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানায় হাইওয়ে পুলিশ ।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
দুর্ঘটনাকবলিত বাস দুটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার পরিদর্শক এমএম মুনতাসির মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে কোন গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল নাকি দুটি গাড়ি ঢাকামুখী চলছিল তা এখনও জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে।

