বরিশালের আগৈলঝাড়ায় মূল্যতালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকালে উপজেলার গৈলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস।

জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো গৈলা বাজারের বিমল স্টোর, লোকনাথ স্টোর, ঘোষ মিষ্টান্ন ভান্ডার, হাবিব স্টোর, মুক্তি এন্টারপ্রাইজ সারের দোকান এবং মায়ের দোয়া স্টোর। প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে মূল্যতালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।