বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি বহুতল ভবনের শয়নকক্ষ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ কোডিনমিশ্রিত তরল মাদকদ্রব্য (ফেনসিডিল) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বিক্রির অভিযোগে মোসা. বেবী বেগম (৬৪) নামের এক বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ২টায় কোতোয়ালি মডেল থানাধীন নতুন বাজার আদি শ্মশান নাগ মন্দির সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, বরিশালের উপপরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নতুন বাজার এলাকায় ওই বৃদ্ধার দখলীয় দুইতলা বসতবাড়ির নিচ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। আভিযানিক দলটি ফ্ল্যাটের উত্তর পাশের শয়নকক্ষে তল্লাশি চালানোর সময় খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশি করে ৪৩ বোতল 'WINCEREX' এবং ৭ বোতল 'ESkuf' ব্র্যান্ডের কোডিনমিশ্রিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৫০টি বোতলে মোট ৫ লিটার তরল মাদক ছিল। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে নতুন বাজার এলাকার মৃত লালু খলিফার মেয়ে ও মো. হারুন অর রশিদের স্ত্রী মোসা. বেবী বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করে আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের উৎস ও এর সাথে জড়িত অন্য চক্রের সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

