বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশীয় মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজীব ওই গ্রামের সুনীল বৈদ্যের ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে তেতলা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় সজীব বৈদ্যের বাড়ি থেকে এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা করেছে। ওসি জানান, শনিবার সকালে গ্রেপ্তার সজীব বৈদ্যকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।