বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাসেন্ট রায়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম ইমরান ও সদস্যসচিব মো. আল আমিন মৃধা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অ্যাসেন্ট রায়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরিশাল জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আল আমিন মৃধা অ্যাসেন্ট রায়ের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসংক্রান্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা-পুলিশ জোবারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাসেন্ট রায়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

