বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারোহাজার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরহাদ তালুকদার (৬২) বারোহাজার বরিয়ালী এলাকার মৃত মোহাম্মদ সাইদুর রহমানের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে সড়কে মিছিলের প্রস্তুতি নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই ঘটনায় ফরহাদ তালুকদারসহ কয়েকজনের অংশ নেওয়ার অভিযোগে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

পুলিশ জানায়, ওই মামলায় পলাতক অজ্ঞাত আসামি হিসেবে ফরহাদ তালুকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।