বরিশালের আগৈলঝাড়ায় গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার এবং ৯৯৯ সেবাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক গোলাম সরোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. মাসুদ খান বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।

সভায় বক্তারা পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক এবং জরুরি প্রয়োজনে ৯৯৯ সেবার ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।