পিরোজপুরের প্রবীণ সাংবাদিক রঞ্জন বকশি নুপু আর নেই
- ০৮:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 75
পিরোজপুরের প্রবীণ সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও সাবেক ছাত্রনেতা রঞ্জন বকশি নুপু আর নেই। তাঁর মৃত্যুতে পিরোজপুরের সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার( ৩ জুলাই) রাত ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রঞ্জন বকশি নুপু পিরোজপুরের একজন নির্ভীক, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি দৈনিক সংবাদ-এর পিরোজপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অধুনালুপ্ত স্থানীয় পত্রিকা পিরোজপুর দর্পণ এর সম্পাদনা বিভাগেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে স্থানীয় সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তিনি পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন এবং সর্বদলীয় ছাত্রঐক্যের অন্যতম নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সহকর্মীরা জানান, রঞ্জন বকশি নুপুর মৃত্যুতে পিরোজপুর হারাল একজন আদর্শবান সাংবাদিক, গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক ও সংস্কৃতিমনা ব্যক্তিত্বকে। সাংবাদিকতায় তাঁর সততা, সাহসিকতা ও পেশাদারিত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
























