ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পেতে যাচ্ছেন বরিশালের কৃতি সন্তান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
- ০৯:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 71
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বরিশালের কৃতি সন্তান। তিনি বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে সরকার ও সরকারি দল বিএনপির উচ্চপর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে আলোচনা চলছে। মনোনয়নে সময় লাগলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।
আরেকটি সূত্র জানায়, আগামী ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের মধ্যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফিরছেন বলেও জানা গেছে।
যদিও রাষ্ট্রপতির পদত্যাগ বা নতুন রাষ্ট্রপতি মনোনয়ন বিষয়ে বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রাষ্ট্রপতির প্রেস সচিবও জানিয়েছেন, এখনো পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়নি।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সংবিধান অনুযায়ী তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর পদত্যাগের জোরালো আলোচনা চলছে।











