বরিশালের আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এসএসসি ১৯৯০ ব্যাচের মোহাম্মদ ইয়ামিন পারভেজকে আহ্বায়ক এবং এসএসসি ১৯৯৩ ব্যাচের মো. মিলন খানকে সদস্য সচিব করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. শাহ আলম (১৯৯১) ও মো. মেজবাহউদ্দিন মিয়া (মামুন) (১৯৯২), যুগ্ম আহ্বায়ক এস এম আবু হানিফ (১৯৯৪), সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আহাদুল ইসলাম (আহাদ) (১৯৯৫) এবং যুগ্ম সদস্য সচিব মো. মাহবুব মোল্লা মাসুদ (১৯৯৬) দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া অর্থ ও হিসাব, সাংগঠনিক ও দফতর, আইন ও পরিপালন এবং নারী ও অন্তর্ভুক্তিসহ বিভিন্ন দায়িত্বে একাধিক প্রাক্তন শিক্ষার্থীকে রাখা হয়েছে। ১৯৯৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে মোট ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

মতবিনিময় সভায় উদ্যোক্তারা জানান, এই আহ্বায়ক কমিটি স্থায়ী কার্যকরী কমিটি নয়। একটি স্বচ্ছ, সর্বজনীন ও অংশগ্রহণমূলক অ্যালামনাই সংগঠন গঠনের লক্ষ্যে সাংগঠনিক কাঠামোর খসড়া তৈরি, সদস্যদের মতামত ও সংশোধনী গ্রহণ এবং সাধারণ সভার মাধ্যমে গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজ করবে কমিটি।

সভায় বক্তারা বলেন, ‘ব্যক্তি নয়—প্রক্রিয়াই শক্তি। আমরা সবাই অ্যালামনাই—ঐক্যবদ্ধ, এগিয়ে যাই’—এই মূলমন্ত্রকে সামনে রেখে বিদ্যালয়ের সব প্রাক্তন শিক্ষার্থীকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বশীল পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা সম্ভব হবে। পাশাপাশি বিদ্যালয়ের ঐতিহ্য সংরক্ষণ এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি ভূমিকা রাখবে।