বরিশালের আগৈলঝাড়ায় আটটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্য এবং পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার নয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল, বাকাল ইউনিয়নের স্বরবাড়ীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেরাল গ্রামের জামাল হোসেন (৩২) ও ইমন ভূঁইয়াকে (১৯) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রান্সফরমারের কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
এদিকে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ বর্ষণ বড়াল (২১), রতন জয়ধর (২৯), ঝন্টু হালদার (৩২), সঞ্জিত গাইন (৩৫), জীবন বালা (৩৫), বিধান হালদার (৩২) ও রোমান মোল্লাকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে এবং পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

