গতি আহামরি তেমন নয়। কিন্তু লাইন-লেংথ নিখুঁত। বলা হচ্ছে এখানে হাসান মাহমুদের কথা। দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে সিদ্ধহস্ত বাংলাদেশের তারকা পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে আজ নিয়েছেন ৬ উইকেট। হাসানের বোলিংয়ে রীতিমতো মুগ্ধ ইয়ান বিশপ।

সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৯০ রানে নিয়েছেন ৬ উইকেট। এই ছয় উইকেটের মধ্যে চারটিই বোল্ড। একটা স্টাম্পিং ও একটাতে কট বিহাইন্ড। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কখনো বড় শট খেলতে গিয়ে, কখনোবা বল ছাড়তে গিয়ে উইকেট খুইয়েছেন। হাসানের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করে এক্সে এক পোস্টে বিশপ লেখেন, ‘হাসান মাহমুদের বোলিং ভালো না লাগার কোনো কারণই নেই। একজন বোলার হিসেবে তাঁকে দেখতে সত্যিই দারুণ লাগে। তাঁর বোলিংয়ের ধরন খুবই সহজ, যেখানে রয়েছে ধারাবাহিকতা ও একই কাজ বারবার নিখুঁতভাবে করার সক্ষমতা।’

১৯ টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে ৫৯ উইকেট নিয়েছেন হাসান। যার মধ্যে এ বছর নিয়েছেন ২৩ উইকেট। সিলেটে নিখুঁত লাইন-লেংথে এবার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ঘায়েল করেন তিনি। যেখানে আজ ৮২তম ওভারের ষষ্ঠ বলে হাসান হ্যাটট্রিক তুলেও নিয়েছিলেন জশুয়া বিশপকে এলবিডব্লু করে। তবে রিভিউতে দেখা গেছে, বল বিশপের ব্যাটের কানায় লেগে যাওয়ায় হ্যাটট্রিকটা হয়নি।

অক্টোবরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেছেন। আজ দ্বিতীয় হ্যাটট্রিক না পেলেও ক্রিকেটের রাজকীয় সংস্করণে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। এর আগে আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন। ২৭ বছর বয়সী বাংলাদেশের পেসারকে নিয়ে এক্সে বিশপ লিখেছেন, ‘পিচে সামান্য সহায়তা থাকলেও সে ম্যাচে দারুণ প্রভাব বিস্তার করতে পারে। বল হাতে এ বছরটাও তার দারুণ কাটছে।’

টেস্টে এখন পর্যন্ত পাঁচবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন হাসান। এই পাঁচটি কীর্তিই তিনি গড়েছেন পাঁচ ভিন্ন ভেন্যুতে। চেন্নাই, রাওয়ালপিন্ডি, ডারউইন, আবুধাবি ঘুরে এবার সেটা করলেন সিলেটে। হাসানের কাছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের কীর্তিটা বেশি স্পেশাল। আজ সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ ঘরের মাঠে ফাইফার অবশ্যই খুব স্পেশাল আমার জন্য। যেহেতু ভালো একটা সুযোগ পেলাম নিজের মাঠে, তাহলে আলহামদুলিল্লাহ।’

পেসারদের বলে স্টাম্পিং আউট খুব একটা না করলেও হাসান আজ তেমনই এক বিরল উইকেট পেয়েছেন। ইনিংসের ৯০তম ওভারের প্রথম বলে ড্রাইভ করতে যান জশুয়া বিশপ। উইন্ডিজ টেলএন্ডার ব্যাটার দাগের মধ্যে পা ফেলার আগেই দ্রুত স্টাম্পের বেল ফেলে দেন লিটন। কীভাবে এই উইকেট পেয়েছেন—সংবাদ সম্মেলনে হাসান তা খোলাসা করেছেন। ২৭ বছর বয়সী পেসার ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন,

‘সে সময়ে সেই ব্যাটার আসলে উইকেট থেকে একটু বেরিয়ে গিয়েছিল। পরে দাদা (লিটন) আমাকে বলছে, ‘হাসান, যদি ওপরে কিপিং করি, তাহলে হয়তো সে পা কম সরাবে। শট খেলা একটু কমে যাবে।’ তারপরেও আমি বলছিলাম, ‘যদি দাদা আপনার অসুবিধা না হয়, তাহলে অবশ্যই আমরা আপনার পরিকল্পনা অনুযায়ী এগোব।’ পরে তিনি গিয়েছিলেন এবং সেভাবেই পরিকল্পনা কার্যকর করেছি।’

সিলেটে এখন পর্যন্ত ১৩ উইকেটের ১১টিই পেসারদের। স্পিনারদের মধ্যে একমাত্র মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নিয়েছেন। বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ অন্য ৮ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। যাঁদের মধ্যে হাসান নিয়েছেন ৬ উইকেট আর তাসকিন আহমেদ ২ উইকেট। ক্যারিবীয় তিন পেসার সিলস, জোসেফ, গ্রিভস একটা করে উইকেট নিয়েছেন। ৩ উইকেটে ৮৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

সূত্র: আজকের পত্রিকা