বরিশালে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন
- ০৮:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 358
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়নে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বিএনপি নেতা রহমাতুল্লাহ বলেন, বরিশালের নদীভাঙন দীর্ঘদিনের সমস্যা। প্রতিবছর সদর উপজেলার অসংখ্য বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। ফলে হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী বাঁধ নির্মাণসহ টেকসই প্রকল্প বাস্তবায়নে সরকারকে জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান রহমাতুল্লাহ।
কর্মসূচিতে বক্তারা বলেন, কীর্তনখোলা, কালাবদর ও আড়িয়াল খাঁ নদের ভাঙন যুগ যুগ ধরে চলছে। এতে শত শত পরিবার নিঃস্ব হচ্ছে এবং হাজার হাজার একর জমি বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে এই ভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়।
সন্ধ্যা নদীর ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধনসন্ধ্যা নদীর ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন
বক্তারা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের আবেদন জানান। তাদের ভাষ্য, এ উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবে।
আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. সালাম রাঢ়ী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা ইসরাইল পণ্ডিত, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন এবং জাগুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম তপন।




















