বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী বলেছেন, বাংলাদেশসহ অন্য কোনো দেশে জ্বালানি পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সরাসরি কোনো ভূমিকা রাখতে পারে না।
আজ বুধবার ঢাকায় ইরানের দূতাবাসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেছেন হরমুজ প্রণালিতে যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে সমঝোতা মানে আত্মসমর্পণ বলে মন্তব্য করেন জলিল রাহিমি। তিনি বলেন, সমঝোতার নামে আত্মসমর্পণ মেনে নেবে না ইরান। সংঘাতের তৃতীয় দফায় পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের হামলা হলে ইরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন রাষ্ট্রদূত।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল হারলেও ইরান ইস্যুতে দেশটির নীতিতে পরিবর্তন আসবে না বলে মনে করেন তিনি। জলিল রাহিমির ধারণা, নির্বাচনের ফল যা-ই হোক, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান একই থাকবে।
ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের অবস্থানে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান যৌক্তিক।
এ ছাড়া আরবের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি না থাকলে ইরান সেসব দেশে কখনোই হামলা করত না বলেও মন্তব্য করেন জলিল রাহিমি।
সূত্র: প্রথম আলো

