যুক্তরাষ্ট্রের জনগণ তাঁর ওপর বিরক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নির্বাচনের দিন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নিজের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। একই সাক্ষাৎকারে ট্রাম্প ঘোষণা দেন, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে প্রায় ৪০০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে—সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলের এই সামরিক সহায়তার প্রয়োজন নেই। তাঁর ভাষায়, ‘আমরা তাদের ৪০০ কোটি ডলার দিচ্ছিলাম। কিন্তু বছরের শেষ নাগাদ এটি বন্ধ হয়ে যাবে।’ তবে সামরিক সহায়তা বন্ধ হলেও এর পরিবর্তে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্পের দাবি, ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সমালোচনাও ভূমিকা রেখেছে। মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদের মতো সরব রাজনীতিকেরা ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের সমালোচনা করছেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তাদের যখন এই সহায়তার প্রয়োজনই নেই, তখন এল-সাইয়েদের মতো উন্মাদদের কাছ থেকে আমাদের কেন সমালোচনার তির সহ্য করতে হবে? এটি একটি খারাপ রাজনৈতিক ইস্যু।’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের প্রস্তাব দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমরা তাদের ৪০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ও অর্থ দিয়ে থাকি। কিন্তু তাদের এগুলোর প্রয়োজন নেই। নেতানিয়াহু আমার সঙ্গে এ বিষয়ে কথা বলতে এসেছিলেন। গত কয়েক বছর ধরেই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, কারণ এটি অনেক বড় অঙ্কের অর্থ।’

এর আগে নেতানিয়াহু আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ধীরে ধীরে কমিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্পের মঙ্গলবারের ঘোষণা কার্যকর হলে সেই সময়সীমা উল্লেখযোগ্যভাবে এগিয়ে আসবে। ট্রাম্পের ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। দেশটির বিরোধী দলের নেতারা বলেছেন, এ ঘটনা যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ওপর নেতানিয়াহুর কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাবেরই প্রতিফলন।

নেতানিয়াহুর প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থী নেতা গাদি আইজেনকট বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা এবং ইসরায়েলের নাগরিকেরা গণমাধ্যমের মাধ্যমে কৌশলগত সম্পর্কের কাঠামোয় পরিবর্তনের খবর জানতে পারছেন। বিষয়টি প্রমাণ করে, বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ড প্রকৃতপক্ষেই কতটা বিপজ্জনক। আমরা আর তাঁর ওপর নির্ভর করতে পারি না। তাঁকে ক্ষমতা থেকে সরাতে হবে।’

বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়াইর গোলান বলেন, ‘একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রী মার্কিন সহায়তা ভেঙে দেওয়ার পরিবর্তে তা বাড়ানোর জন্য লড়াই করতেন। নেতানিয়াহু নিরাপত্তা ও অর্থনৈতিক সংকট আরও গভীর করছেন এবং ইসরায়েলের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছেন।’

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া প্রায় ৩৮০ কোটি ডলারের বেশির ভাগই বৈদেশিক সামরিক অর্থায়ন অনুদান হিসেবে পেয়েছে ইসরায়েল। এসব অর্থ দিয়ে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনতে পারে। এ ছাড়া যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির জন্য আরও ৫০ কোটি ডলার দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ট্রাম্পের এ ঘোষণা এমন সময়ে এসেছে, যখন ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন এবং দেশটির পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। বিশেষ করে মিশিগানের সিনেট নির্বাচনকে ঘিরে বিষয়টি আলোচনায় রয়েছে। সেখানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদ। নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর।

গত সেপ্টেম্বরে প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক অন্যান্য জরিপেও ইসরায়েল ও নেতানিয়াহু সরকারের প্রতি মার্কিন জনসমর্থনে ঐতিহাসিক পরিবর্তনের চিত্র উঠে এসেছে।

গাজায় মানবিক বিপর্যয় নিয়ে মার্কিন নাগরিকদের ক্ষোভ ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল রাজনীতিকদের উত্থানে ভূমিকা রেখেছে। আবদুল এল-সাইয়েদ তাঁদেরই একজন। অন্যদিকে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা নস্যাৎ করার চেষ্টা করছে ইসরায়েল।

গত জুনে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্রনীতি সম্পর্কে ভ্যান্স বলেছিলেন, ‘জাতীয় নিরাপত্তার প্রতিটি সমস্যা সমাধানের জন্য আপনি শুধু মানুষ হত্যা করে যেতে পারেন না।’

তবে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিলেও ফক্স নিউজের সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রতি উষ্ণ মনোভাব প্রকাশ করেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলে নিজের জনপ্রিয়তা নিয়েও গর্ব করেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের মানুষ যদি কখনো আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরায়েলে চলে যাব এবং সেখানকার প্রধানমন্ত্রী হয়ে যাব।’

সূত্র: আজকের পত্রিকা