বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসআরবি-৮ এর বরিশাল সদর দপ্তরের মিডিয়া অফিসার লেঃ কমান্ডার বিএন মোঃ শাহরিয়ার রিফাত অভি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের কালাম বেপারীর ছেলে মোঃ আফজাল বেপারীর বিরুদ্ধে ২০১০ সালে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি ধর্ষন মামলা হয়।
আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক উক্ত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আফজাল বেপারীর বিরুদ্ধে গৌরনদী থানায় একটি সাজা গ্রেফতারী পরোয়ানা জারি আছে।
উক্ত গ্রেফতারি পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামীকে গ্রেফতারের নিমিত্তে এসআরবি-৮ অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। তারই ধারাবাহিকতায় এসআরবি-৮ এবং এসআরবি-৭ এর একটি আভিযানিক দল ২০ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

