আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙনে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর ও নলচিড়া ইউনিয়নের মোল্লারখালের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ভাঙনকবলিত মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে জরুরি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে তিনি পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এনি’র সঙ্গে সাক্ষাৎ করে আড়িয়াল খাঁ নদীর ভাঙন পরিস্থিতি তুলে ধরেন এবং জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
এর পরিপ্রেক্ষিতে পানি সম্পদমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জানানো হয়েছে।
পরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক স্থানীয় সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে অবহিত করেন।
স্থানীয়দের দাবি, নদীভাঙন অব্যাহত থাকায় মিয়ারচর ও মোল্লারখাল এলাকার মানুষের বসতভিটা ও জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

