বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মুলাদী উপজেলার ৮ নম্বর শফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তামিম হোসেন (২৮)। তারা আপন দুই ভাই।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ শামুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই মো. হানিফ মোল্লা, এএসআই মো. রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

