বরিশাল জেলার ১০ উপজেলায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাঁচ মাসে সড়ক, সেতু-কালভার্ট, হাটবাজার, সামাজিক অবকাঠামো ও সেচব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এসব কাজে মোট ব্যয় হয়েছে ১৪৯ কোটি ১৮ লাখ ৬২ হাজার ১০০ টাকা।
এলজিইডির বরিশাল কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ে ২০ দশমিক ৩৪৯ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। এর মধ্যে ৭ দশমিক ৩৬৬ কিলোমিটার ইউনিয়ন সড়ক, ৪ দশমিক ৬৯৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৮ দশমিক ২৯ কিলোমিটার পাকা সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ করা হয়েছে। এসব কাজে ব্যয় হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।
এ ছাড়া ব্রিজ ও কালভার্ট নির্মাণে ব্যয় হয়েছে ৬৭ কোটি ২৯ লাখ ৯৭ হাজার টাকা। পাশাপাশি একটি হাট-বাজার ও গ্রোথ সেন্টারের উন্নয়নে ব্যয় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার টাকা। মসজিদ, কবরস্থান ও মন্দিরসহ ৪২টি সামাজিক অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার টাকা।
বিদ্যমান সড়ক সচল রাখতে ৫৭ দশমিক ২৮ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে ২৩ কোটি ২০ লাখ ৭ হাজার টাকা। একই সময়ে জেলার ১০ উপজেলায় ১২২৮ দশমিক ৯৬ কিলোমিটার ব্রিজ ও কালভার্ট রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে ২৪ কোটি ৪২ লাখ ৬২ হাজার টাকা।
কৃষি ও সেচব্যবস্থার উন্নয়নে ৫ দশমিক ১৭ কিলোমিটার সেচ খাল খনন ও পুনঃখনন করা হয়েছে। এ কাজে ব্যয় হয়েছে ৫৭ লাখ ২৮ হাজার টাকা।
এলজিইডি সূত্রে জানা গেছে, বরিশাল সদর ও মুলাদী উপজেলায় দুটি সড়ক প্রশস্তকরণ এবং গৌরনদী ও উজিরপুরে দুটি নান্দনিক আরসিসি আর্চ গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এসব অবকাঠামো সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ও যোগাযোগব্যবস্থা সহজ করতে ভূমিকা রাখছে।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান বলেন, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজ করা এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিদ্যমান সড়ক ও সেতু-কালভার্ট রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

