বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভা শুরুর আগে ভার্চুয়ালে যুক্ত হয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের শুভেচ্ছা জানান প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন এমপি।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় গৌরনদীর সার্বিক প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

