বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার দি‌কে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাসা থেকে তাঁদের আটক করা হয়েছে।

আটককৃতদের পরিবারের সদস্যদের দাবি, তাঁরা সাবেক ইউপি চেয়ারম্যান পিকলুর বাসায় লক্ষ্মী পূজার দাওয়াতে এসেছিলেন।

পু‌লি‌শের তথ্যম‌তে, আটককৃতরা হ‌চ্ছে—উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন, পলাশ হাওলাদারসহ মোট সাতজন।

এর মধ্যে পলাশ হাওলাদার বিগত আওয়ামী লীগ আমলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে রাজনৈতিক মামলার আসামি ছিলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, ‘বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত দেওয়া হয়েছিল। সন্ধ্যায় বিএনপির কতিপয় কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে মব সৃষ্টি করে দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দিয়েছে।’

এ ব্যাপা‌রে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পর আদালতে পাঠানো হবে।