জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন মোল্লা (২৩) নামের এক যুবককে হাতুড়ি পেটা করে আহত করেছে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আ.লীগের প্রভাবশালী এক সদস্য ও তার স্বজনরা। রোববার (১৬ আগস্ট) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দিন দুপুরে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা ওই গ্রামের নিজাম মোল্লার ছেলে লোকমান হোসেন মোল্লা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের ১৬ শতক জমি জোরপূর্বক দখল নেওয়ার জন্য নানা ষড়যন্ত্র করে আসছিলেন একই গ্রামের বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সরিকল ইউনিয়ন কমিটির প্রভাবশালী সদস্য নাসির মোল্লা।
তিনি আরও বলেন, গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের প্রধান ক্যাডার নাসির মোল্লা বিগত সরকারের সময় এলাকায় হেন কোনো অপরাধ নেই, যা তিনি করেননি।
ভুক্তভোগীর বাবা নিজাম মোল্লা অভিযোগ করে বলেন, আমার ১৬ শতক জমি দখল করার জন্য নাসির নানা ষড়যন্ত্র করে আসছিলেন। যে কারণে আমি সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করি। ওই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশ তদন্ত কেন্দ্রে মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নাসির মোল্লা জমির সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে সালিশ বৈঠকে আমার পক্ষে রায় দিয়ে রোয়েদাতনামা হস্তান্তর করা হয়।
নিজাম মোল্লা আরও বলেন, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিনি ওই জমিতে কাজ করার সময় নাসির মোল্লা, তার ছেলে লিক্সন মোল্লা ও লিকন মোল্লাসহ আরও ৪-৫ জন সহযোগী জোরপূর্বক জমি থেকে আমাকে টেনেহিঁচড়ে তাড়িয়ে দেয়। খবর পেয়ে আমার ছেলে লোকমান হোসেন ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানালে তারা সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে তাকে গুরুতর আহত করে।
তবে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে অভিযুক্ত নাসির মোল্লা বলেন, আমার পৈতৃক সম্পত্তির ওই জমি নিজাম মোল্লা গংরা জোরপূর্বক দখল করে রেখেছে। মূল বিষয়টি ভিন্নখাতে নিতে তারা এখন হামলার নাটক সাজিয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

