অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজকের ম্যাচে আগে ব্যাট করে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশের যুবারা। জবাবে টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন আহসান আল মুমিন। ৯৮ বলে ২ চার ও ৪ ছক্কায় ৮২ রান করেন তিনি। এছাড়া এসকে জারিফ সিয়াম ৮৩ বলে ৫৯ এবং আবদুল্লাহ আল মুহি ২৫ বলে ৩০ রান করেন।
২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার হয়ে একাই লড়াই করেন সেনুজা ওয়েকুনাগোদা। ৯৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৫ রান করেন তিনি। তবে তাঁর লড়াই সত্ত্বেও বাংলাদেশের বোলারদের সামনে শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন তাফিউল আলম তামিম, শেখ আতীকুর রহমান, রুবায় ইসলাম ও রবিউল হাসান আনিক। জারিফ সিয়াম নেন ১টি উইকেট।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই জয়ে গ্রুপ পর্বে টিকে থাকার আশা জিইয়ে রাখল বাংলাদেশ। তবে সেমিফাইনালে জায়গা করে নিতে হলে শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই যুবাদের। আগামী ৯ নভেম্বর হবে ম্যাচটি।
গ্রুপের অন্য ম্যাচে একই দিন মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশ যদি মালয়েশিয়াকে হারায় এবং শ্রীলঙ্কা আফগানিস্তানের কাছে হারে, তাহলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।
তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই নিজেদের শেষ ম্যাচে জয় পেলে তিন দলের পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রানরেটে।
বর্তমানে গ্রুপ 'বি'-তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আফগানিস্তান, তাদের নেট রানরেট +৩.৬৪৫। শ্রীলঙ্কার পয়েন্ট ২, নেট রানরেট +১.২২৯। সমান ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নেট রানরেট -০.৬৮০। ফলে মালয়েশিয়ার বিপক্ষে শুধু জয়ই নয়, প্রয়োজনে বড় ব্যবধানে জিতে নেট রানরেট বাড়ানোর দিকেও নজর রাখতে হবে বাংলাদেশের যুবাদের।
সূত্র: আজকের পত্রিকা

