পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ইসলামী ছাত্রশিবির আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘‘একজন পেশাদার চোর অথবা ডাকাতের চেয়ে একজন উচ্চশিক্ষিত চরিত্রহীন মানুষ বেশি ভয়ংকর। কেননা, তার নীতি-নৈতিকতা নেই। আজকাল অনেকের ক্যারিয়ার আছে, কিন্তু ক্যারেক্টার নেই।’’
তিনি বলেন, ‘‘ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিংবা বড় কোনো কর্মকর্তা হওয়াই জীবনের প্রকৃত সফলতা নয়। অর্জিত শিক্ষাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। দুনিয়ায় একজন ভালো মানুষ হতে পারাই প্রকৃত সফলতা। দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যারিস্টারের অভাব নেই, কিন্তু নৈতিকতা ও ভালো মানুষের অভাব রয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালো মানুষ তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘আজ তোমরা যে কোরআন পেয়েছ, সেখানে আল্লাহ বলেছেন, ‘ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক।’ পড়াশোনা একটি ইবাদত এবং নারী-পুরুষ সবার জন্য শিক্ষা অর্জন ফরজ। তোমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এটি তোমাদের জন্য মহান আল্লাহর রহমত। এ সাফল্যের পেছনে পিতা-মাতা ও শিক্ষকদের ভূমিকার পাশাপাশি মহান আল্লাহর অবদান রয়েছে।’’
সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থীদের প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ‘‘তোমাদের কাউকে শিবির করতে ডাকা হয়নি, ডাকা হয়েছে ভালো মানুষ হতে।’’
তিনি বলেন, ‘‘যারা ঘুষ খায় না, তাদের জামায়াত বলা হয়; যারা সালাম দেয়, তাদের শিবির বলা হয়। যারা পর্দা করে, তাদেরও জামায়াত বলা হয়। কোরআন-হাদিস মেনে চলাকে যদি জামায়াত বলা হয়, তাহলে জামায়াত আর শিবিরের রাজনীতি ইসলামের রাজনীতি।’’
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘ভবিষ্যতে যারা লেখাপড়ার জন্য বিদেশে যেতে চায়, তাদের সহযোগিতা করবে ছাত্রশিবির। গত কয়েক মাসে বাউফলের ছয়জন শিক্ষার্থীকে দেশের বাইরে পাঠাতে পেরেছে।’’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম, বাউফল উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম ও উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাহমুদুল্লাহসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৫২ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, ফুল, পবিত্র কোরআন শরিফ, বই, কলম ও প্যাড তুলে দেওয়া হয়।
এর আগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলের কালাইয়া বাজার ও হাইস্কুল-সংলগ্ন ৪৫০ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রশস্ত সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেন। পরে দুপুর ১২টায় কনকদিয়া ইউনিয়নের ব্রাহ্মণবিল এলাকায় নবনির্মিত একটি সেতু উদ্বোধন করেন তিনি।
এ সময় একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহমুদ খানের নাম ঘোষণা করেন সংসদ সদস্য ড. মাসুদ।

