তিন বছর আগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারে দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে ছিল বরিশাল শিক্ষা বোর্ড। সেই বোর্ডই এবার পাসের হারে নেমে এসেছে সর্বনিম্ন অবস্থানে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বোর্ডটিতে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৯৫০ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের এমন চিত্র উঠে এসেছে।

বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ ৮০ দশমিক ৬৫ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে ছিল বরিশাল। ২০২৪ সালেও ৮১ দশমিক ৮৫ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল বোর্ডটি। গত বছর পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশে নেমে এলেও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছিল। তবে এবার বড় ধরনের পতনে বোর্ডটি সর্বনিম্ন অবস্থানে চলে গেছে।

এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২৫ হাজার ৯৭০ জন। অকৃতকার্য হয়েছে ৩১ হাজার ৯৪২ জন।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩২৭ জন কমলেও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯ হাজার ৭৬৯ জন। গত বছর অকৃতকার্য হয়েছিল ২২ হাজার ১৭৩ জন।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি বিপর্যয় দেখা গেছে মানবিক বিভাগে। এ বিভাগে ৪০ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ২৩ হাজার ৫০৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪০ দশমিক ২৮ শতাংশ, যা গত বছর ছিল ৬২ দশমিক ০৪ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৫৬ দশমিক ৭৮ শতাংশ। গত বছর এ বিভাগে পাসের হার ছিল ৭১ দশমিক ৫৮ শতাংশ।

বিষয়ভিত্তিক ফলাফলেও ইংরেজিতে উল্লেখযোগ্য অবনতি হয়েছে। গত বছর বরিশাল বোর্ডে ইংরেজিতে পাসের হার ছিল ৭৫ দশমিক ১৬ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ০৮ শতাংশে।

লিঙ্গভিত্তিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর ছেলেদের পাসের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ হলেও মেয়েদের পাসের হার ৫২ দশমিক ৯৭ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে পিরোজপুর ছাড়া বিভাগের অন্য কোনো জেলা ৫০ শতাংশ পাসের হার অর্জন করতে পারেনি। ঝালকাঠিতে পাসের হার সবচেয়ে কম, ৩৭ দশমিক ০৯ শতাংশ। পটুয়াখালীতে ৩৮ দশমিক ৫১ শতাংশ এবং ভোলায় ৩৯ দশমিক ৫৪ শতাংশ।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও হতাশাজনক চিত্র দেখা গেছে। বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র তিনটি প্রতিষ্ঠান।

এদিকে, এ বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।