বাংলাদেশকে সহজেই হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের সহজ জয় পেয়েছে উইন্ডিজ।
বাংলাদেশের মাঠে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলেছে ২০২১ সালে। মিরপুর শেরেবাংলায় সেবার বাংলাদেশের বিপক্ষে ১৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল উইন্ডিজ। পাঁচ বছর পর এবার সেই মিরপুরে একেবারে হেসেখেলে জিতল ক্যারিবীয়রা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে ২৯ ওভারে ৬ উইকেটে ৭৯ রান করে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের খেলা শুরুর পঞ্চম বলে জোমেল ওয়ারিকানকে চার মারেন জাকের আলী অনিক। যেখানে মুমিনুল হক ছিটকে যাওয়ায় কনকাশন বদলি হিসেবে সুযোগ পান জাকের। তবে চার মারার পরের বলেই স্লিপে রস্টন চেজের হাতে ক্যাচ দেন জাকের।
৩৪ বলে ২ চারে ২২ রান করা জাকেরের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রান। তাতে ভেঙে যায় সপ্তম উইকেটে জাকের-নাঈমের ৫০ বলে ৩১ রানের জুটি। ওয়েস্ট ইন্ডিজ এরপর ক্যাচ মিসের মহড়া শুরু করে। চতুর্থ দিনে উইন্ডিজ যে তিন ক্যাচ মিস করেছে, তার মধ্যে তিনটিই ওয়ারিকানের বলে। যার মধ্যে একটিতে হাসান মাহমুদের কট এন্ড বোল্ড সুযোগ হাতছাড়া করেন ওয়ারিকান। ৩১.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার যখন ক্যাচ ড্রপ করেন, তখন হাসানের রান ১। বাংলাদেশ ৮৬ রানে হারাতে পারত অষ্টম উইকেট।
ওয়ারিকানের বলে এরপর যে দুই ক্যাচ মিস হয়েছে, দুইবারই জীবন পেয়েছেন নাঈম। যার মধ্যে ৩৪তম ওভারের প্রথম বলে প্রথম স্লিপে চেজ ক্যাচ মিস করে সেটাকে চার বানিয়ে দেন। তখন নাঈমের রান ২১। আরেক দফা যখন জীবন পান, তখন তাঁর রান ২৯। ৩৬তম ওভারের শেষ বলে এবারও ওয়ারিকানের বলে এবার সেই প্রথম স্লিপেই চেজ ক্যাচ মিস করেছেন।
১৭০ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে ১ ওভারে কোনো উইকেট না হারিয়ে যখন ৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ, তখন লাঞ্চ ঘোষণা করা হয়। সেই ওভারেই ক্যাম্পবেলের বিপক্ষে তিনবার এলবিডব্লুর আবেদন করেন মিরাজ। কোনোবারই আম্পায়ার সাড়া দেননি। এমনকি লাঞ্চ বিরতির পর খেলা শুরু হলে নাঈম-তাইজুলরাও আবেদন করেন। আম্পায়ার সাড়া দেননি। নাজমুল হোসেন শান্ত দুইবার রিভিউ নিলে আম্পায়ার্স কলে বেঁচে যান ক্যারিবীয় ওপেনাররা। পুঁজি যখন কম, একেকটা উইকেটের জন্য যেখানে চাতক পাখির মতো অপেক্ষা, সেখানে রিভিউ নিয়েও উইকেট না পারার হতাশা ফুটে উঠেছে শান্তর চেহারায়।
বরাবরের মতো আজ চতুর্থ দিনের দুপুরেই শেরেবাংলার ফ্লাডলাইট জ্বালানো হয়েছে। ২টা ১০ মিনিটে চা পানের বিরতি দেওয়ার কথা থাকলেও ৩-৪ মিনিট আগে বিরতি দেওয়া হয়। ১৭.৪ ওভারে বিনা উইকেটে ৮৭ রানে শেষ করে দ্বিতীয় সেশনের খেলা।
দলীয় ১১২ রানে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ২১তম ওভারের পঞ্চম বলে শরীফুলের ভেতরে ঢোকা বল ক্যাম্পবেলের ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত হানে। ৫৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৯ রান করেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার। তিন নম্বরে নামা তেজনারায়ণ চন্দরপাল ১৫ বল খেলে ১ রান ক্যাম্পবেল। ২৭তম ওভারের চতুর্থ বলে তাঁকে ফিরিয়েছেন হাসান মাহমুদ।
এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭২ রান করেছে।
সূত্র: আজকের পত্রিকা

