বরিশালের উজিরপুর উপজেলার সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১১ জুলাই বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নাহিয়ান। তবে অভিযোগ নিষ্পত্তি না করেই গত ১৮ অক্টোবর কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে গত কয়েকদিন যাবৎ ওই এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

নাহিয়ানের অভিযোগ, বিধি অনুযায়ী সাধারণ সভা আয়োজন ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত না নিয়েই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্বেশ্বর বিশ্বাস মাত্র তিনজনের নামের একটি প্রস্তাব উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার কাছে পাঠান। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিধিমালা অনুসরণ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

১১ জুলাই বোর্ড চেয়ারম্যানের কাছে দেওয়া অভিযোগে নাহিয়ান উল্লেখ করেন, প্রস্তাবিত অভিভাবক সদস্যের সন্তান বর্তমানে দশম শ্রেণিতে পড়ায় তার সদস্যপদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সদ্য সাবেক অ্যাডহক কমিটির সভাপতি ও অভিভাবক প্রতিনিধির বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্বেচ্ছাচারিতার অভিযোগও উল্লেখ করেন তিনি।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিয়ম মেনে কমিটি গঠনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলা হয়েছিল। কিন্তু তিনি কারও সঙ্গে আলোচনা করেননি এবং তার নির্দেশনাও অনুসরণ করেননি।

তিনি বলেন, অনেক কাজের চাপ থাকে। এর মধ্যে হয়ত বিষয়টি আমাদের দৃষ্টির বাইরে থেকে গেছে। তাই কমিটি প্রকাশ পেয়েছে। এখন বিষয়টি খতিয়ে দেখা হবে।

বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন বলেন, অভিভাবক প্রতিনিধি হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির সন্তানকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উজিরপুর ইউএনও প্রস্তাবিত নাম বোর্ডে পাঠিয়েছেন এবং বোর্ড সেই নাম রেখেছে। পুনরায় অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সর্বেশ্বর বিশ্বাস বলেন, বোর্ড চেয়ারম্যান কমিটি গঠনের বিষয়ে তাকে নতুন করে কোনো নির্দেশনা দেননি। তিনি নিয়ম মেনেই কমিটি গঠন করেছেন।

ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী নাহিয়ান বলেন, কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ঘোষিত কমিটির কার্যক্রম স্থগিত রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি এবং বিধি অনুযায়ী কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।