বরিশালের উজিরপুরে ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগে দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক (চুক্তিভিত্তিক) রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন ।

প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন- শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার।

এর আগে শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ‘শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে সানজিদার ঘুষের হাট-জিম্মি সেবাপ্রত্যাশীরা’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি ও অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

এ ছাড়া সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তারের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ-সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। ঘুষের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগও ওঠে।

এসব অভিযোগ ও সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরইমধ্যে রোববার জারি করা আদেশে সানজিদা ও সুরাইয়া আক্তারকে বরিশালে সংযুক্ত করা হয়। একই সঙ্গে গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।