দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২ হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। এ নিয়ে চলতি বছর রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

এর আগে গত ১১ অক্টোবর এক দিনে ২ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যা ছিল চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন ৬০৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে, খুলনায় সবচেয়ে বেশি ২৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ২২৪, চট্টগ্রামে ২১৭, বরিশালে ২১১, ময়মনসিংহে ১৫৫, রংপুরে ৮২ এবং সিলেটে ৩০ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মে মাসে মারা যায় একজন। এরপর জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ১৩৯ জন।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫২ দশমিক ৮ শতাংশ নারী এবং ৪৭ শতাংশ পুরুষ। অন্যদিকে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ নারী ও ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ।

সূত্র: আজকের পত্রিকা