জাতীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বরিশালের গৌরব বাড়িয়েছে কৃতী দাবাড়ু জান্নাতুল প্রীতি। তার এ সাফল্যে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ও জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। একই সঙ্গে জান্নাতুল প্রীতির মা-বাবাকেও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁরা।

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জান্নাতুল প্রীতিকে এ সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত গৌরবের বিষয়। জান্নাতুল প্রীতির এ অর্জন বরিশালবাসীর জন্য আনন্দ ও গর্বের। মেধা, মনোযোগ, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে এ সাফল্য অর্জন করেছে। তার এ কৃতিত্ব অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় অংশগ্রহণ এবং নিজেদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে। এ সময় তিনি জান্নাতুল প্রীতি ও তার মা-বাবাকে আন্তরিক অভিনন্দন জানান।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, জান্নাতুল প্রীতির এ অর্জন বরিশালের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। দাবা একটি বুদ্ধিবৃত্তিক খেলা, যা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়াতে সহায়তা করে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে জান্নাতুল প্রীতি তার মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, জান্নাতুল প্রীতির এ সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি তার মা-বাবাকে অভিনন্দন জানান এবং জান্নাতুল প্রীতির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার কামনা করেন।